খাগড়াছড়িতে সেনাসদরের মানবিক উদ্যোগ: চোখের আলো ফিরল ৬১ জন অসহায় রোগীর

0
1

​বিশেষ প্রতিনিধি:

পার্বত্য অঞ্চলে দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তার সুদৃঢ় প্রহরার পাশাপাশি স্থানীয় পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর কল্যাণে আবারো মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাসদরের খাগড়াছড়ি রিজিয়নের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের কারিগরি সহযোগিতায় সম্পন্ন হয়েছে বিশেষ বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম।

​সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন এলাকা থেকে শনাক্তকৃত ৮৪ জন জটিল চক্ষু রোগীকে সেনাবাহিনীর নিজস্ব ব্যবস্থাপনায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে ৬১ জন রোগীর চোখে সফলভাবে ছানি অস্ত্রোপচার সম্পন্ন করে দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া হয়।

​অন্যান্য ২৩ জন রোগীর অন্যান্য শারীরিক জটিলতা বিদ্যমান থাকায় তাৎক্ষণিকভাবে অস্ত্রোপচার সম্ভব না হলেও তাদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা এবং পরামর্শ দেওয়া হয়েছে। চিকিৎসকরা জানান, এসব রোগী শারীরিক উপযুক্ততা অর্জন করা মাত্রই পর্যায়ক্রমে তাদের চোখের ছানি অস্ত্রোপচার সম্পন্ন করা হবে। চিকিৎসার সমস্ত প্রক্রিয়া ও হাসপাতাল সফর শেষে সেনাবাহিনী রোগীদের নিরাপদে যার যার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে।

​উলেখ্য, পার্বত্য চট্টগ্রামে স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণে খাগড়াছড়ি রিজিয়ন ও চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতাল দীর্ঘদিন ধরে যৌথভাবে কাজ করে আসছে। এই যৌথ উদ্যোগের অধীনে এ পর্যন্ত মোট ৯৬৪ জন পাহাড়ি-বাঙালি রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা এবং ৩১৩ জন রোগীকে সফলভাবে ছানি অপারেশন সেবা প্রদান করা হয়েছে।

​পার্বত্য অঞ্চলের শান্তিশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তাজনিত দায়িত্ব পালনের পাশাপাশি দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনীর এমন মানবিক কর্মকাণ্ড স্থানীয় সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে। সেনাসূত্রে জানানো হয়, দুর্গম পাহাড়ি অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের জনকল্যাণমুখী উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here