0
1

থানচির দুর্গম বাঘের লাংলোক ঝরনায় অসুস্থ পর্যটককে উদ্ধার করল বিজিবি

​জেলা প্রতিনিধি, বান্দরবান:

বান্দরবানের থানচি উপজেলার অত্যন্ত দুর্গম ‘বাঘের লাংলোক ঝরনা’ এলাকায় ভ্রমণকালে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়া এক পর্যটককে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

​গতকাল রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিজিবির বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

​বিজ্ঞপ্তি ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজধানী ঢাকার মিরপুর এলাকা থেকে ছয়জনের একটি পর্যটক দল থানচির দুর্গম বাঘের লাংলোক ঝরনা দেখতে যায়। দুর্গম পথ অতিক্রমের একপর্যায়ে পর্যটক দলের সদস্য নাফিস মাশরুর ইসলাম হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পাহাড়ি দুর্গম এলাকায় জরুরি চিকিৎসার ব্যবস্থা না থাকায় বিপাকে পড়ে দলটি। এই অবস্থায় পর্যটকের পরিবারের পক্ষ থেকে বিজিবির কাছে দ্রুত সহায়তার আবেদন জানানো হয়।

​খবর পাওয়ার পরপরই বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইয়াসির আরাফাত হোসেনের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে তাৎক্ষণিক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। টেন্ডুমুখ বিজিবি ক্যাম্প থেকে বিজিবির একটি বিশেষ উদ্ধারকারী দল দুটি স্পিডবোট/নৌকাযোগে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পাহাড়ি দুর্গম পথ ও নদীপথ পেরিয়ে তারা অসুস্থ পর্যটক নাফিস মাশরুর ইসলাম ও তার সঙ্গীদের নিরাপদে উদ্ধার করে আনে এবং দ্রুত থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে।

​বিজিবির এমন দ্রুত ও পেশাদারিত্বপূর্ণ উদ্যোগে প্রাণ রক্ষা পাওয়ায় অসুস্থ পর্যটকের পরিবার ও তার সঙ্গীরা বিজিবির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পার্বত্য বান্দরবানের দুর্গম ও সীমান্ত এলাকায় পর্যটকদের সার্বিক নিরাপত্তা এবং যে কোনো জরুরি পরিস্থিতিতে বিজিবি সর্বদা পাশে রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here