বিশেষ প্রতিবেদক | ঢাকা
রাজধানীর কাফরুল থানার ঠিক সামনেই একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কাফরুল থানা ভবনের সামনে দাঁড়িয়ে থাকা গাড়িটিতে এ অগ্নিকাণ্ড ঘটে।
অগ্নিকাণ্ডের শিকার বাসটি ‘মিরপুর সুপার লিংক মালিক সমিতি’র পরিচালনাধীন (ঢাকা মেট্রো-ব ১১-৭২৩৭)। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও চিত্রে দেখা যায়, বাসটিতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে স্থান ত্যাগ করে। মুহূর্তের মধ্যেই আগুনের শিখা বাসটির ভেতরের অংশে ছড়িয়ে পড়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাফরুল থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, “থানার সামনে পার্ক করে রাখা একটি বাসে হঠাৎ আগুনের ঘটনা ঘটে। তবে দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় জনতা ও পুলিশের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।”
অগ্নিকাণ্ডের কারণ এবং পেছনে থাকা দুর্বৃত্তদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি নাশকতামূলক কি না—তা খতিয়ে দেখতে এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ তদন্ত কার্যক্রম শুরু করেছে পুলিশ।