বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আয়েশা বেগম (৩০) নামের এক গৃহবধূর রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে নিহত গৃহবধূর স্বামী ছৈয়দ আহমদকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক। নিহত আয়েশা বেগম উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামিরতলী এলাকার ছৈয়দ আহমদের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার রাতে স্বামী ছৈয়দ আহমদ নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে স্ত্রীর মৃত্যুর খবর দেন। খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আয়েশা বেগমের মরদেহ উদ্ধার করে। তবে নিহতের শরীরে আঘাতের স্পষ্ট চিহ্ন দেখতে পায় পুলিশ ও স্থানীয়রা। ডেমোগ্রাফিক তথ্য ও পারিপার্শ্বিক অবস্থা দেখে স্থানীয়দের প্রাথমিক ধারণা, পরকীয়া সংক্রান্ত বিরোধের জেরে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোজাম্মেল হক জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মূল রহস্য উদঘাটনে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।