পর্দার আড়ালে ঢাকা ‘আসল ভারত’: ব্রিকস সম্মেলনের আগে দিল্লিতে বস্তি ঢাকার হিড়িক, সরব আপ

0
1

​আন্তর্জাতিক ডেস্ক

১২ সেপ্টেম্বর ২০২৬

​পুতিন-জিনপিংয়ের মতো পরাশক্তিধর রাষ্ট্রপ্রধানদের অভ্যর্থনায় যখন নতুন করে সেজে উঠছে রাজধানী দিল্লি, ঠিক তখনই আলো ঝলমলে রাজপথের পেছনের তেতো সত্য ঢাকতে শুরু হয়েছে বিতর্কিত ‘পর্দা রাজনীতি’। ব্রিকস সম্মেলনকে কেন্দ্র করে বিদেশি অতিথিদের চোখ থেকে দারিদ্র্যের নির্মম চিত্র আড়াল করতে দিল্লির একাধিক সড়কসংলগ্ন বস্তি ও ঝুপড়ি অঞ্চল রাতারাতি কাপড়ের বিশাল পর্দায় ঢেকে দিয়েছে মোদি সরকার। সরকারে এমন পদক্ষেপে জোর বিতর্ক তৈরি হয়েছে ভারতজুড়ে।

​রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ বৈশ্বিক নেতাদের উপস্থিতিতে ভারতের ‘ঝকঝকে’ ভাবমূর্তি বজায় রাখার এই প্রচেষ্টাকে তীব্র কটাক্ষ করেছে বিরোধী দল আম আদমি পার্টি (আপ)। কেবল সবুজ ও সাদা কাপড়ের বেড়ায় ভারতের বাস্তবের দারিদ্র্য ও সাধারণ মানুষের দুর্দশা আড়াল করা সম্ভব কি না, তা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছে দলটি।

​সামাজিক যোগাযোগমাধ্যমে একটি প্রতিকী ছবি শেয়ার করে আপ কটাক্ষ ছাড়ে। ছবিতে দেখা যায়, সামনে রাখা চকচকে আয়নায় উন্নত ও আলোকিত ভারতের দৃশ্য প্রতিফলিত হলেও পেছনের ক্যানভাসে রয়ে গেছে ময়লা-আবর্জনা ও ভাঙাচোরা ঘরের বাস্তব রূপ। বিরোধী শিবিরের বক্তব্য, কয়েক গজ কাপড়ের আড়ালে দারিদ্র্য ঢেকে রাখা গেলেও দেশের ভেতরের আসল সত্যকে এভাবে কখনো মুছে ফেলা সম্ভব নয়।

​আন্তর্জাতিক এই হাই-প্রোফাইল সম্মেলনকে ঘিরে দিল্লির রূপ সজ্জা ও সৌন্দর্যবর্ধন নিয়ে প্রশংসার পাশাপাশি মেহমানদের সামনে ঘরের অভাব-অনটন এভাবে আড়াল করার নীতি এখন টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। কাপড় দিয়ে দারিদ্র্য ঢাকা কি নিছকই কূটনৈতিক কৌশল, নাকি নিজেদের বাস্তব রূপ গোপন করার ব্যর্থ চেষ্টা—এ নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here