লোহাগাড়ায় প্রশাসনকে দেখিয়েছে বৃদ্ধাঙ্গুল; সড়ক দখল করে জামায়াত নেতার ভবন নির্মাণ

0
2


‎
‎লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি শাহাবুদ্দিন গ্রামের যাতায়াতের সড়ক দখল করে বহুতল ভবন নির্মাণ করছেন। এমন অভিযোগের তথ্য প্রমাণ জাগ্রত পাহাড় ডটকমে হাতে এসেছে।
‎
‎গ্রামবাসীরা লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-কে লিখিতভাবে জানানো সত্ত্বেও আইনকে বুড়ো আঙুল দেখিয়ে দিন দুপুরেই জোরপূর্বক বহুতল ভবনের নির্মাণকাজ দাপুটে চালিয়ে যাচ্ছেন তিনি।
‎
‎স্থানীয় ভুক্তভোগী পরিবাররা জাগ্রত পাহাড় ডটকমকে জানান, দীর্ঘ দিন ধরে ব্যবহৃত প্রতিবেশীদের যাতায়াতের একমাত্র সড়কটি দখল করে বহুতল ভবনের কাজ শুরু করেছেন শাহাবুদ্দিন। পথটি অবরুদ্ধ হয়ে পড়ায় অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছেন ভুক্তভোগী পরিবারসহ আশেপাশের স্থানীয় বাসিন্দারা।
‎
‎কোনো উপায় না পেয়ে ভুক্তভোগী পরিবার গুলো লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। একই সাথে বিষয়টি লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) অবহিত করা হয়। কিন্তু প্রশাসনের কাছে অভিযোগ দায়েরের পরও আইন-কানুন ও প্রশাসনের নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে দিনদুপুরেই অবাধে ভবনের নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন জামায়াত নেতা শাহাবুদ্দিন।
‎
‎ভুক্তভোগী পরিবারের সদস্যরা আরও আক্ষেপ করে বলেন, আমরা ইউএনও, এসিল্যান্ড ও থানায় লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু তিনি কোনো কিছুর তোয়াক্কা না করে দুপুরেই লোকবল নিয়ে ভবন নির্মাণ করে যাচ্ছেন। আমাদের চলাচলের পথটি এখন পুরোপুরি বন্ধ।
‎
‎এ বিষয়ে অভিযুক্ত জামায়াত নেতা শাহাবুদ্দিনের বক্তব্য জানতে তার ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
‎
‎এই ব্যাপারে জানতে লোহাগাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজীদ-বিন-আখন্দ কে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
‎
আইন ও প্রশাসনের তোয়াক্কা না করে যাতায়াতের সড়ক দখল করায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তারা অবিলম্বে যাতায়াত সড়কের বেআইনি নির্মাণকাজ বন্ধ করে সড়কটি দখলমুক্ত করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টান্তমূলক পদক্ষেপ দাবি করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here